কুড়িল উড়ালসেতু খুলছে রোববার
গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে তিন দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ কুড়িল উড়ালসেতু।
রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়ালসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
২০১০ সালের ২ মে শেখ হাসিনা এই উড়ালসেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রথমে এর নির্মাণ ব্যয় ২৫৪ কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে ৩০৬ কোটি টাকা করা হয়। প্রকল্পের পুরো অর্থ রাজউকের নিজস্ব তহবিল থেকে দেয়া হয়েছে।
রাজউক জানিয়েছে, এই উড়ালসেতুর উচ্চতা ৪৭ দশমিক ৫৭ ফুট, প্রস্থ ৩০ দশমিক ১৮ ফুট। এতে পাইল রয়েছে ২৯২টি, পাইল ক্যাপ ৬৮টি এবং পিয়ার রয়েছে ৬৭টি। এটি নির্মাণ করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড।
প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তি মালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ৩৮ মাসে এই প্রকল্পের মূল কাজ শেষ হয়।
বনানী, কুড়িল, খিলক্ষেত ও পূর্বাচল প্রান্তে ওঠানামার জন্য এই চার দিক দিয়ে উড়ালসেতুটিতে ওঠানামা করা যাবে। এটি সম্পূর্ণ টোল-ফ্রি। এ ছাড়া এর নিচ দিয়েও নির্মাণ করা হয়েছে তিন প্রান্তে তিনটি সংযোগ সড়ক।
