রংপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে উপজেলার ভেণ্ডাবাড়ি ও বড় দরগাহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভেণ্ডাবাড়ি ইউনিয়নের করঞ্চাগাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে দুলু মিয়া (৩২), পানবাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে তবারক আলী (৫৫) এবং বড় দরগাহ ইউনিয়নের চক শোলাগাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে আব্দুস সাত্তার (৩৫)।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শ্রমিকরা ক্ষেতে আমন চারা রোপন করছিল।”
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং নিহতের স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
