সুন্দরবন থেকে অপহৃত দুই জেলে উদ্ধার
সুন্দরবনে ‘বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর’ সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রাবার গভীর রাত থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে।
তবে এ সময় কোন বনদস্যুকে আটক করতে পারেনি বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার কমান্ডার মুফতি মাহমুদ খান।
সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলাগাছিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বলে কোস্টগার্ড দাবি করেছেন।
উদ্ধার দুই জেলের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
মুফতি মাহমুদ খান বলেন, সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন কলাগাছিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়।
“বনদস্যুদের সঙ্গে থেমে থেমে রাত ২টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে আটক দুই জেলেকে উদ্ধার করে।
এছাড়া একটি বিদেশি পিস্তল, তিনটি দেশি তৈরি শটগান, একটি একনলা বন্দুক, পাঁচটি রাউন্ড গুলি এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
