২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 03:22 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শনিবার ঘোষিত এ বছর বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ।

আর এবার জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৫০ জন ও ছাত্রী ৩ হাজার ৮১৬ জন।

গত বছর এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ৬ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী।

বোর্ড সভা কক্ষেসংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম এ হুরাইরা বলেন,  এ বছর একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ৯।

এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৬৩১ জন।

রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজ থেকে ৬০০ শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৫৯৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৩৫ জন শিক্ষার্থী।

এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে পাবনা ক্যাডেক কলেজ, তৃতীয় রাজশাহী ক্যাডেট কলেজ, চতুর্থ জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ,  পঞ্চম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ রাজশাহী নিউ ডিগ্রী কলেজ, সপ্তম বগুড়া সরকারি এএইচ কলেজ, অষ্টম নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ, নবম সিরাজগঞ্জের উল্লাপাড়া কলেজ।