ট্রেনে আসন বাড়ানোর দাবি চুয়াডাঙ্গাবাসীর
ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি ও এলাকার বন্ধ স্টেশনগুলো চালু করার দাবি জানিয়েছে চুয়াডাঙ্গাবাসী।
শনিবার সকালে জেলা প্রশাসকের কাছে দেয়া এক স্মারকলিপিতে এদাবি জানান চুয়াডাঙ্গার নাগরিক সমাজ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান।
এতে বলা হয়, চাহিদার তুলনায় চুয়াডাঙ্গা জেলার যাত্রীদের জন্য প্রয়োজনীয় আসন বরাদ্দ দেয়নি রেল কর্তৃপক্ষ। জেলার মুন্সীগঞ্জ, মোমিনপুর, জয়রামপুর, গাইদঘাট ও আন্দুলবাড়িয়া স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।ফলে এলাকার মানুষদের দুর্ভোগ বেড়েছে।
স্মারকলিপিতে চুয়াডাঙ্গার জন্য ট্রেনে ৭০টি আসন বরাদ্দ করা ও বন্ধ স্টেশনগুলো চালুসহ পাঁচ দফা দাবি দেয়া হয়।
এছাড়াও চুয়াডাঙ্গা স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি পাঁচ মিনিট করা ও জনগণের যোগাযোগের সুবিধার্থে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে সার্বক্ষণিক টেলিফোন চালু রাখার দাবিও জানানো হয়েছে।
