চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে প্রায় দেড় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার দিলীপ দাশ (৪০) ফটিকছড়ি উপজেলার আজিমপুর এলাকার ব্রজেন্দ্র দাশের ছেলে।
শুক্রবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে র্যাবের একটি দল চেরাগী পাহাড়ে অবস্থান নেয়।র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। একটি ব্যাগসহ দিলীপকে আটক করা হয়।
ওই ব্যাগের ভিতর কয়েকটি ছোট প্যাকেটে ইয়াবাগুলো ছিল।
ঘটনাস্থলে দিলীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাসেল নামে কুমিল্লার এক বাসিন্দার হয়ে ইয়াবা পাচার করেন তিনি।
“নগরীর চাক্তাই থেকে এসব ইয়াবা নিয়ে চেরাগী পাহাড় আসি। এখান থেকে কুমিল্লা যাওয়ার কথা ছিল। র্যাব দেখে রাসেল দৌঁড়ে পালিয়ে গেছে।”
