২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনাসের দাবিতে শতাধিক কারখানায় হামলা, আগুন

ঈদ বোনাসের দাবিতে নরসিংদীতে কারাখানা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের চৌয়ালা শিল্প এলাকায় শতাধিক পাওয়ারলুম টেক্সটাইল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।

এছাড়াও ছয়টি কারাখানায় আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ ও কারথানা মালিকরা।

ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাফর।

তিনি জানান, ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা এ হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শিল্প মালিকরা পুলিশকে অভিযোগ করেছে। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এএসপি।

চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, দুই থেকে তিনশ’ শ্রমিক প্রথমে শিল্প মালিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। পরে তারা শিল্প এলাকার শতাধিক কারখানায় একের পর এক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় ও লুটপাট করে।

“আল আমিন টেক্সটাইল, কাজল টেক্সটাইল ১ ও ২ ইউনিট, রিয়াজ টেক্সটাইল, মাহবুব টেক্সটাইল ১ ও ২ ইউনিটে অগ্নিসংযোগ করে তারা।”

এছাড়া শ্রমিকরা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং একটি কভার্ড ভ্যান ভাংচুর করে।

এ এলাকায় আড়াইশ’ পাওয়ারলুম টেক্সটাইল কারখানায় ১৫ হাজার শ্রমিক কাজ করে।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৬টি কারখানা সম্পূর্ণ পুড়ে যায় বলে দাবি করেন তিনি।

তবে এ সময় কারখানার কোন মালিক উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌয়ালা শিল্প এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।