বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এক বাংলাদেশি রাখালকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার সকালে উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে গরু রাখাল ওমর আলিকে (১৪) নিয়ে যায় বিএসএফ।
ওমর উপজেলার লড়াইঘাট নয়াপাড়া গ্রামের বটু মিয়ার ছেলে।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আসাদুজ্জামান জানান, সীমান্তের ৬২ নম্বর মেইন সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ এর একটি টহল দল ওমরকে ধরে নিয়ে গেছে।
ঘটনা জানার পর পরই পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়।
বিকালে বিজিবির কুসুমপুর ও বিএসএফ এর ফতেপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, কৃষ্ণনগর ব্যাটালিয়ন থেকে আসা বিশেষ টহল দল ওমরকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বিএসএফ। তারা আর কিছু জানায়নি।
