জাবিতে উপাচার্যবিরোধীদের বাধায় সিন্ডিকেট সভা পণ্ড
হাই কোর্টের নির্দেশে শিক্ষক সমিতি অবরোধ তুলে নিলেও নতুন ব্যানারে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। তাদের ধর্মঘটে পণ্ড হয়ে গেছে সিন্ডিকেটের জরুরি সভা।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে ‘সাধারণ শিক্ষক ফোরাম ব্যানারে’ মঙ্গলবার দিনব্যাপী ধর্মঘটের ডাক দেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের বাধায় সকালে প্রশাসনিক ভবনে ঢুকতে ব্যর্থ হন কর্মকর্তা-কর্মচারীরা।
বেলা দেড়টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরীর নেতৃত্বে চারজন সিন্ডিকেট সদস্য ভেতরে ঢুকতে চাইলে আন্দোলনরত শিক্ষকরা তাদের বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়।
অধ্যাপক তোফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের মাড়িয়ে ভেতরে প্রবেশ করাটা আমরা অনৈতিক মনে করছি।”
বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য এম এ মতিন ও আফসার আহমদ আন্দোলনকারী শিক্ষকদের প্রতি বাধা তুলে নেয়ার অনুরোধ জানান।
এ সময় আন্দোলনকারী শিক্ষকদের ফোরামের আহ্বায়ক হানিফ আলী বলেন, “উপাচার্য আনোয়ার হোসেনের অধীনে কোনো কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।”
আন্দোলনরতদের বাধায় সকালে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে জানতে চাইলে নিবন্ধক আবু বকর সিদ্দিক বলেন, “কেন ঢুকতে পারছি না আপনারা অনুসন্ধান করুন। আমি কিছু বলবো না।”
বেলা ১২টার দিকে প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, হাই কোর্টের নির্দেশনার পরেও শিক্ষকদের এ আচরণ দুঃখজনক।
“আপনারা জাহাঙ্গীরনগরকে বাঁচান। এ বিশ্ববিদ্যালয় আমাদের সকলের,” বলেন তিনি।
হাই কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৪৩ দিন পর শিক্ষক সমিতি প্রশাসনিক ভবন থেকে অবরোধ তুলে নিলে সোমবার সন্ধ্যায় সাধারণ শিক্ষক ফোরাম নাম দিয়ে ধর্মঘটের ডাক দেন উপাচার্যবিরোধী শিক্ষকরা।
বিকেলে শিক্ষকদের নতুন এই ফোরামের সংগঠক হানিফ আলী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামী ৩১ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত দুই দিন প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করবেন তারা।
এরপর ৩ অগাস্ট কালো ব্যাজ পরার পাশাপাশি করা হবে গণসংযোগ।
আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বুধবার নির্দেশ দেয় হাই কোর্ট।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের একাংশের আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বেশ কিছুদিন ধরেই অস্থির।
গত বছর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে অনির্বাচিত উপাচার্য শরীফ এনামুল কবীরের বিদায়ের পর ওই পদে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। ২০১২ সালের ২৫ জুলাই উপাচার্য প্যানেল থেকে নির্বাচিত ভিসি হিসাবে নিয়োগ পান তিনি।
ওই নির্বাচনের আগেই সিনেট-সিন্ডিকেটেও নির্বাচনের দাবিতে আন্দোলনে যায় শিক্ষকদের একাংশ। বর্তমানে তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
