নির্মাণাধীন ভবনের ওপর থেকে কাঠ পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ছয়তলা একটি ভবনের ওপর থেকে কাঠের টুকরা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের রায়ের বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম হৃদয় (৭)।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদয় নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ওপর থেকে একটি কাঠের টুকরা তার মাথায় পড়লে সে অচেতন হয়ে পড়ে।
হৃদয়কে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, হৃদয়ের মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে তাদের থামায়।
পুলিশ কর্মকর্তা মোরশেদ বলেন, নির্মাণাধীন ওই ভবনের আশেপাশে কোনো জাল বা নিরাপত্তা বেষ্টনি ছিল না।
ওই ভবনের তিনজন মালিক রয়েছেন জানিয়ে তিনি বলেন, শুধু তারেক নামে এক মালিকের নাম জানা গেছে।
ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এসআই মোরশেদ জানান।
