২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর সাজা

চট্টগ্রামে অস্ত্র আইনের মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 10:42 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

দণ্ডপ্রাপ্ত সেলিম (৩৫) সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের খান আহমদ সওদাগরের ছেলে। তিনি নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা।

সোমবার চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান তার কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় ১০ বছর ও ১৯ (চ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।

মামলায় নথিতে বলা হয়েছে, ২০০০ সালের ৪ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে একটি অটোরিকশাকে দ্রুত গতিতে ধাক্কা দেয় একটি বেপরোয়া গাতির মাইক্রোবাস।

স্থানীয়রা মাইক্রোবাসটির গতিরোধ করে গাড়িতে থাকা সেলিমকে আটক করে। এসময় সেলিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এঘটনায় পাঁচলাইশ থানার তৎকালীন এসআই পরেশ চন্দ্র কারবারি বাদি হয়ে একটি মামলা করেন। ২০০১ সালের ৯ মে আদালতে অভিযোপত্র দেয় পুলিশ।

২০০২ সালের ১০ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোট সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এই রায় দেন।