কুমিল্লায় পিটুনিতে হাসপাতালকর্মীর মৃত্যুর অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক হাসপাতাল কর্মচারীকে চুরির দায়ে কর্তৃপক্ষ পেটানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
সোমবার সকালে হাসপাতালকর্মী সোহেল রানা উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
পরে পুলিশ নিহতের গ্রামের বাড়ি উপজেলার পূর্ব চান্দিশকরার কবরস্থান থেকে সোহেলের লাশ উদ্ধার করে।
সোহেল (১৮) ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা সদরে বেসরকারি জেনারেল হাসপাতালে কাজ করতেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সোহেলকে পেটানোর কথা অস্বীকার করলেও পুলিশের দাবি, তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ইসমাইল হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হাসপাতালের ওষুধের দোকান থেকে চুরির অভিযোগে দাউদকান্দি থেকে ধরে এনে সোহেলকে বেদম পিটুনি দেয় কর্তৃপক্ষ।
“পিটুনির পর সোহেলের হাত-পায়ের নখগুলো প্লাস দিয়ে তুলে নেয়া হয়। সোমবার সকালে উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
বিষয়টি স্থানীয়ভাবে টাকার বিনিময়ে মিমাংসা করা হয়েছে জানতে পেরে পুলিশ কবরস্থানে গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি ইসমাইল।
জেনারেল হাসপাতালের পরিচালক বদিউজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালের ওষুধের দোকান থেকে এক লাখ ২০ হাজার টাকা চুরি করে সোহেল রানা। পরে তাকে ধরে এনে সালিশের মাধ্যমে টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কোনো মারধর করেনি। শুনেছি তার অন্য একটি অপকর্মের ঘটনায় স্থানীয়রা তাকে পিটুনি দিয়েছিল।”
