২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কোটায় পুরুষ নিয়োগ, সাংসদের বিরুদ্ধে মামলা

রাজশাহীর দুর্গাপুর ডিগ্রি কলেজে সরকারি নিয়ম লঙ্ঘন করে নারী কোটার একটি পদে পুরুষ শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

এ ঘটনায় কলেজের সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারাসহ নয়জনকে আসামি করে মামলা হয়েছে।

গত ২১ জুলাই রাজশাহী সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন নারী কোটায় চাকরি প্রার্থী লাকী জেসমিন শিউলি। সোমবার শুনানি শেষে মামলাটি আমলে নেন বিচারক।

মামলার অন্য আসামিরা হলেন, কলেজ অধ্যক্ষ আব্দুল মালেক, শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রফেসর সুভাষ চন্দ্র শীল, কলেজ পরিচলনা পর্ষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, নিয়োগপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেনসহ নিয়োগ বোর্ডের অন্য সদস্যরা।

মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে একজন সহকারী অধ্যাপক (নারী) নিয়োগের জন্য গত ২৫ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তির ওই পদের বিপরীতে আবেদন জমা পড়ে মোট চারটি। এদের মধ্যে দুই নারী প্রার্থীকে বাদ দিয়ে গত ১২ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার জন্য প্রবেশপত্র দেয়া হয় দুই পুরুষ প্রার্থীকে। এর ফলে নারী প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এরপর গত ১৫ জুলাই দুই পুরুষ প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, যোগ্য নারী প্রার্থী না থাকায় ওই পদে পুরুষকে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে মামলা করেও কোনো লাভ হবে না। নিয়োগ বোর্ড যাকে যোগ্য মনে করেছেন, তাকেই নিয়োগ দিয়েছে।

মামলার বাদী শিউলি খাতুন অভিযোগ করেন, অপর যে পুরুষ প্রার্থী পরীক্ষায় অংশ নেন তিনিও আনোয়ারেরই লোক। আনোয়ারই তাকে ওই পদে আবেদন করান। যাতে করে দুজন প্রার্থী অন্তত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেন।

এভাবে নারী কোটায় টাকার বিনিময়ে পুরুষ শিক্ষক নিয়োগ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আদালতে অভিযোগ করা হয়, একের অধিক তৃতীয় শ্রেণি থাকা সত্বেও টাকার লেনদেনের মাধ্যমে হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদে আনোয়ার হোসেনকে চাকরি দেয়া হয়েছে। ওই পদে আবেদন করা দুই নারী প্রার্থীর কারোরই তৃতীয় শ্রেণি ছিল না।