২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে দাদা-নাতনিসহ তিনজনের মৃত্যু

গাজীপুরে সদর উপজেলায় পানিতে ডুবে দাদা-নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সোমবার গাজীপুর নীলেরপাড়া ও কাউলতিয়া এলাকায় এ ঘটনায় নিহতরা হলেন- নীলেরপাড়া এলাকার আবদুল খালেক শেখ (৬০) ও তার নাতনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৪) এবং কাউলতিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র নাফিজ (১০)।

নিহত খালেক শেখের ভাই আবদুল আজিজ শেখ জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার বড়ভাই আবদুল খালেক বিলে তালের গুঁড়ি দিয়ে তৈরি নৌকা নিয়ে ঘাস কাটতে যান। এ সময় তার নাতনি সাথী ও ভাতিজি ইমা শাপলা তুলবে বলে নৌকায় ওঠে। শাপলা উঠানোর সময় হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে তিনজনই পানিতে তলিয়ে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেক ও সাথীকে মৃত ঘোষণা করেন।

ইমাকে (১০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সাবেক কাউলতিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, সকাল  সাড়ে ১০টার দিকে কাউলতিয়া এলাকায় নাফিজ পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।