অগ্নিনির্বাপন সরঞ্জাম না থাকায় ভবন মালিককে জরিমানা
অগ্নি নির্বাপণ সরঞ্জাম না থাকায় বন্দর নগরীর আগ্রাবাদে একটি বহুতল ভবনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে বাদামতলীতে ওহাব ব্রাদার্সের মালিকানাধীন নয়তলা ভবনটিকে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ পরিচালিত ফায়ার সার্ভিসের একটি ভ্রাম্যমাণ আদালত।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহাকরী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিস আইন ২০০৩ এর আওতায় অভিযান চালিয়ে ওহাব ব্রাদার্সের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ভবনটি নির্মাণের সময় ফায়ার সার্ভিস থেকে অনাপত্তিপত্র নেয়া হয়নি এবং অগ্নি নির্বাপণ নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।
অনাপত্তিপত্র না থাকা এবং সরঞ্জাম না থাকায় নতুন নির্মিত ভবনটিকে জরিমানা করা হয়।
একইসঙ্গে ম্যাজিস্ট্রেট আগামী ১৫দিনের মধ্যে এসব নিয়ম বাস্তবায়নের নির্দেশও দেন বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দিন।
