জাল ভিসায় থাইল্যান্ড যাওয়ার চেষ্টা, আটক ৪
জাল ভিসায় বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
এই চারজন হলেন- মঞ্জু মণ্ডল (২৪), খালেক (৪১), বারেক শিকদার (২৮) ও হাসানুর জামান (২২)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোরে বিমানবন্দরের বহির্গমন লাইঞ্জের ‘চেইন রো-বি’ থেকে তাদের আটক করা হয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ড থাওয়ার কথা ছিল।
আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আলমগীর হোসেন জানান।
