নাসিরনগরে ডাকাতি, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক স্বর্ণকারের বাড়িতে সোমবার ভোররাতে ডাকাতি হয়েছে।
পুলিশ জানায়, ভলাকুট গ্রামে মন্টু কর্মকারের বাড়িতে এ ডাকাতির সময় হামলায় পরিবারের তিনজন আহত হয়েছেন।
ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাকিবিল্লাহ জুয়েল জানান, ভোররাতে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত ইঞ্জিনের নৌকায় এসে মন্টু কর্মকারের বাড়িতে হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ ছয় লক্ষাধিক টাকা লুটে নেয়।
ডাকাতদের হামলায় মন্টু কর্মকারের স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, এ ঘটনায় সকালে থানায় মামলা হয়েছে।
