‘২০২০ এর আগেই মধ্যম আয়ের দেশ’
বিশ্বমন্দার মধ্যেও ‘সব ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেন, “অর্থনীতি যেভাবে সমৃদ্ধ হচ্ছে সে ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের আগেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।”
“তবে দেশের ব্যাংকিংখাত একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে সক্ষম হলেও তহবিল সীমাবদ্ধতার কারণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সে পর্যায়ে পৌঁছতে পারেনি।”
এজন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করতে সরকরি-বেসরকারি ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।
রোববার সকালে সিলেটের একটি হোটেলে সিলেট ও কিশোরগঞ্জ অঞ্চলের ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আতিউর এসব কথা বলেন।
গত চার বছরে বাংলাদেশের অর্থনীতিতে ৬ দশমিক ২৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এ সময়ে গোটা দুনিয়ায় গড় প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ।
বাংলাদেশে এ সময়ে শুধু দারিদ্রের হার নয়, এর সংখ্যাও কমেছে বলে উল্লেখ করে আতিউর।
তিনি বলেন, দারিদ্রের হার এখন ২৭ শতাংশের নিচে নেমে এসেছে। গত চার বছরে গড় দারিদ্র কমেছে ২ শতাংশ।
“গত দুই দশকে দেশে ২ কোটি ২০ লক্ষ মানুষ দরিদ্রতাকে ছাপিয়ে গেছে।”
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অঞ্চলের মহাব্যবস্থাপক সুলতান আহমদ, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ।
