প্রস্তুত সদরঘাট, রকেটের টিকেট ৪ অগাস্ট
দক্ষিণের মানুষকে ঈদে রাজধানী থেকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে দেড় শাতাধিক লঞ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লঞ্চ মালিকরা বলছেন, পুরনো লঞ্চের সঙ্গে এ বছর যোগ হয়েছে নতুন ১৫টি নৌযান। তবে কেবিনের টিকেট ‘প্রভাবশালীদের’ জন্য আগেই ‘ভাড়া’ হয়ে যায় বলে সারাধণ যাত্রীদের ভাগ্যে কেবিন জোটার আশা কম।
নতুন লঞ্চের মধ্যে পুবালী-১, রেডসান-৫, সুন্দরবন-৯, কুয়াকাটা-১, সাত্তার খান, টিপু-৭, অভিযান-৫, বে-ক্রুজার, প্রিন্স আওলাদ-৪ ও সম্রাট-২ এবার ঈদে যাত্রী পরিবহন করবে।
এছাড়া এমভি ফারহান ৩ ও ৪ নামে দুটি লঞ্চ ২৭ রমজান থেকে চালু করা হবে বলে জানান টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন।
লঞ্চের অগ্রিম টিকেটের খবর জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঞ্চতো আর বাস ও ট্রেনের মতো নয়। লঞ্চের টিকেট কাটা হয় যাত্রী লঞ্চে ওঠার পর। শুধু কেবিনের জন্য একদিন আগে আগে সংশ্লিষ্ট লঞ্চের কাছে আসলেই হয়।”
তবে একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঞ্চের আগাম টিকেট বলতে কিছু নেই। আর ঈদের আগে কেবিনের টিকেটও পরিচিত না হলে পাওয়া মুশকিল।
“স্থানীয়-নেতাকর্মী ও ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা ছাড়াও প্রভাবশালীদের জন্য কেবিনের টিকেট আগেই বুক হয়ে থাকে। সারাধণ যাত্রীদের ভাগ্যে কেবিনের টিকেট জোটে কম।”
এদিকে ঈদ উপলক্ষে বিআইডব্লিউটিসির রকেট স্টিমারের আগাম টিকেট দেয়া হবে আগামী ৪ অগাস্ট থেকে। বাদামতলী ও দিলকুশার রকেট রিজার্ভেশন শাখায় টিকেট পাওয়া যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে থেকে অনেকেই কেবিন বুক করছেন। তবে অফিশিয়ালি ওই তারিখ থেকে কেবিনের টিকেট দেওয়া হবে।”
তিনি জানান, পাঁচটি স্টিমারের সঙ্গে ঈদে স্টিমার সোনারগাঁও যাত্রী সেবায় যোগ দেবে।
৬ অগাস্ট থেকে ‘স্পেশাল সার্ভিস’ চালু হবে জানিয়ে মিশা বলেন, “এই সেবা থাকবে ঈদের পরের দশ দিন পর্যন্ত।”
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক মো. সাইফুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। প্রতিবছরের মতো এবারো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
“বিআইডব্লিউটিএ নিজস্ব ব্যবস্থায় পঁচিশটি সিসি ক্যামেরা বসিয়েছে। এছাড়া পুলিশ-র্যাবসহ অন্যান্য বাহিনীর সিসি ক্যামেরা থাকবে।”
বিআইডব্লিউটিএর ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সোলায়মান জানান, দেশের দক্ষিণাঞ্চলে ৩৯টি রুটে প্রায় দেড়শ লঞ্চ চলে।
সরেজমিনে সদরঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- পন্টুনে নামার সিঁড়ি মেরামত করা হচ্ছে। রঙ করা হচ্ছে ছাউনি। সদরঘাটের বিভিন্ন দেয়ালেও রঙ করা হচ্ছে।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, “সদরঘাটে ১২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদে বাড়তি পুলিশও দায়িত্বে থাকবে।”
