২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রির বিজ্ঞানীদের অবস্থান কর্মসূচি স্থগিত

বিজ্ঞানী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের রোববারের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিআরসি) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ব্রির বিজ্ঞানী সমিতি জানায়।

ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিআরসি) সামনে ওই কর্মসূচি পালনের কথা ছিল। গত বৃহস্পতিবার ব্রির অডিটোরিয়ামে বিজ্ঞানী সমিতির সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়েছিল।

ব্রির বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. আনছার আলী জানান, বিআরসিতে শনিবারের এক সভায় বিজ্ঞানী লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এছাড়া সোমবার থেকে লাগাতার কর্মবিরতির পূর্বঘোষিত কর্মসূচির ব্যাপারে রোববার সমিতির বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।

শনিবারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিআরসির চেয়ারম্যান ড. মো. ওয়ায়েশ কবির, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন, বিআরসির সদস্য, পরিচালক (প্রশাসন) মো. মিরাজ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. খলিলুর রহমান প্রমুখ।

গত সোমবার (২২জুলাই) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রির শ্রমিকরা কয়েকজন বিজ্ঞানীকে লাঞ্ছিত করে। এর পেছনে কয়েকজন বিজ্ঞানীও জড়িত রয়েছেন।

এরপর জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরি করেন বিজ্ঞানীরা।

এ ঘটনায় তিন বিজ্ঞানীকে ব্রি থেকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।

এরপরও অন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিজ্ঞানীরা কর্মসূচি দেন।

দুটি তদন্ত কমিটি

বিজ্ঞানী লাঞ্ছিতের ঘটনায় গত শনিবার ব্রি’র পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক এ এইচ ইকবাল আহমেদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রেজাউল করিম ও কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের (সার্ডি) উপ-পরিচালক মো. নুরুজ্জামান।

তাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ব্রি’র মহাপরিচালক সাইদুল ইসলাম ।

এর আগে গত ২৫ জুলাই কৃষি মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব কাজী ওবায়দুর রহমানকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়।