২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ.লীগের ওয়ার্ড কাউন্সিলে হট্টগোল

কাউন্সিলর মনোয়নকে কেন্দ্র করে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিল মুলতবি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার বিকেলে নগীরর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা বারিক মিয়া স্কুলে সম্মেলন স্থলে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়া পর সম্মেলন স্থগিত করা হয়।

এ সময় সম্মেলন স্থলে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন এবং খোরশেদ আলম সুজন।

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সম্মেলন স্থল ত্যাগ করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

খোরশেদ আলম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর মহিউদ্দিন চৌধুরী অন্য একটি অনুষ্ঠানে চলে যান।

“দ্বিতীয় অধিবেশন চলাকালে আছরের আজান দেয়। বিরতি দিয়ে আমি, আফসারুল আমীন ও অন্য নেতৃবৃন্দ নামাজ পড়তে যাই। এসময় কিছু উচ্ছৃঙ্খল যুবক চেয়ার ছোড়াছুড়ি শুরু করে।”

এরপর আবার দ্বিতীয় অধিবেশন শুরু হয় জানিয়ে সুজন বলেন, ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচনে গঠনতন্ত্র অনুসারে স্থানীয় নেতাদের মধ্যে ৬০ জনকে কাউন্সিলর মনোনিত করা হয়। তাদের ভোটেই নেতা নির্বাচিত হবেন।

“কিন্তু হট্টগোলের পর আবারা অধিবেশন শুরু হলে কেউ কেউ নির্ধারিত কাউন্সিলর নিয়ে আপত্তি জানান। এ নিয়ে আলোচনা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। তাই সম্মেলন মুলতবি করা হয়েছে।”

নগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার (বন্দর) মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলনকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সম্মেলন স্থলের বাইরে একাধিক হাতবোমাও বিস্ফোরিত হয়।

এর আগে নগরীর পাঁচলাইশ ও হালিশহরসহ কয়েকটি ওয়ার্ড সম্মেলন বিবদমান পক্ষের বিরোধের জেরে স্থগিত করা হয়।