‘আরেকবার সুযোগ পেলে প্রতিশ্রুতি পূরণ’
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ আরেকবার সুযোগ দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীতকরন ও পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে, গত নির্বাচনে যা ছিল আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে ও তিনটি সেতু উদ্বোধন করতে এসে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, “আমাদের দেশের সরকারের ধারাবাহিকতা থাকে না। নির্বাচিত সরকার আসার পর থেকে কোনো সরকার এক মেয়াদের বেশি থাকতে পারে নাই।”
উন্নয়নের ধারাবাহিকতার জন্য যে কোন নির্বাচিত সরকারের অন্তত দুই মেয়াদ থাকা দরকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ফাইল ছবি
২০০৬ সালের জানুয়ারি মাসে কাজ শুরুর পর দফায় দফায় নানা জটিলতায় আটকে থাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্প শেষ করা ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। আর বিশ্ব ব্যাংকের সঙ্গে দীর্ঘ টানাপড়েনে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতিও এখনো আটকে আছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ প্রসঙ্গে কাদের বলেন, দেশে বড় প্রকল্পগুলো বাস্তবায়নের বড় সমস্যা সময়মত কাজ করতে না পারা।
তবে এ জন্য আর্থিক সংকট নয়, ‘অ্যালাইনমেন্টই’ দায়ী বলে মন্তব্য করেন তিনি।
“জমি অধিগ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান সরিয়ে কাজ করা বড় সমস্যা। এতে করে টার্গেট বাস্তবায়ন সম্ভব হয় না।”
যোগাযোগ মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন গর্ত ভরাটের কাজ চলছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বিটুমিনের কাজ শুরু হবে।
সম্প্রতি লন্ডনে এক ইফতার অনুষ্ঠানে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাদের বলেন, “সকলের রাজনীতি করার অধিকার আছে। দেশের জনগণ কাকে গ্রহণ করবে ও কাকে প্রত্যাখ্যান করবে সেটা জনগণের বিষয়।”
এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা জোড় আমতল এলাকায় ঘোড়া মারা সেতু, বাঁশবাড়িয়া সেতু ও শুকলাল হাট এলাকায় আরেকটি সেতুর উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী।
