কারখানার জমি নিয়ে বিরোধ, গুলিতে শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার এলাকায় এক কারখানায় জমি নিয়ে সংঘর্ষের মধ্যে নিরাপত্তাকর্মীর ছোড়া গুলিতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসআই মো. আক্তারুজ্জামান জানান, শ্রীপুরের গুলশান স্পিনিং মিল এবং গাজীপুরের সীমান্তবর্তী ময়মনসিংহের ভালুকা এলাকার আরিফ স্পিনিং মিলের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার ভোরে এই সংঘর্ষ বাঁধে।
নিহত আব্দুস সালাম (৩৫)আরিফ স্পিনিং মিলে রড শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফ স্পিনিং মিলের লোকজন গুলশান স্পিনিং মিলের পাশে থাকা বেশ কিছু জমি নিজেদের বলে দাবি করে আসছিল। ভোর সাড়ে ৫টার দিকে আরিফ স্পিনিং মিলের শতাধিক লোক ওই জমি দখল করতে গেলে গুলশান স্পিনিং মিলের লোকজনের সাথে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলশান স্পিনিং মিলের গার্ডের গুলিতে মারা যান সালাম।
শ্রীপুর থানার ওসি মো. আমির হোসেন জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, থানায় কোনো মামলাও হয়নি।
