নারায়ণগঞ্জে কবি কায়েসকে তুলে নিয়ে হত্যার চেষ্টা
সন্ত্রাসীদের হাতে অপহৃত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি শাহেদ কায়েসকে উদ্ধার করেছে পুলিশ।
তাকে তুলে নিয়ে মারধরের পর ওই সন্ত্রাসীরা হত্যা করার চেষ্টা করে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর নলচর বালু মহাল এলাকায় একদল সন্ত্রাসী কায়েসকে তুলে নিয়ে যায়। পরে মেঘনা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিকেলে কুমিল্লার মেঘনা থানার রামপুরা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে জেলে শিশুদের জন্য স্কুল উদ্বোধন করার লক্ষ্যে মার্কিন নাগরিক ক্রিস ও তার ছাত্র কামরুজ্জামান দিপুকে নিয়ে ট্রলারে করে মেঘনার রামপ্রসাদের চরের উদ্দেশে রওনা হন কায়েস।
তিনি সাংবাদিকদের বলেন, পথে মেঘনা নদীর বালু মহাল ইজারাদার জাকির হোসেন ও মহসিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্পিডবোটে এসে তাকে তুলে নিয়ে যায়। তারা তার সঙ্গে থাকা ক্যামেরা, ঘড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে তার সঙ্গে থাকা ক্রিস স্থানীয় সাংবাদিক ও পুলিশকে খবর দিলে ৩ ঘণ্টা পর রামপুরা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণ করে বলে অভিযোগ করেন কায়েস। সন্ত্রাসীরা তাকে ব্যাপক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে বা হাতে ও ঘাড়ে কুপিয়েছে বলে জানান তিনি।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান জানান, শাহেদ কায়েসকে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
