টাঙ্গাইলে ওষুধ ব্যবসায়ী হত্যা, প্রতিবাদে ধর্মঘট
টাঙ্গাইলে এক ওষুধ ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।
টাঙ্গাইল থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে শহরের কোদালিয়া এলাকার বাসিন্দা কবির হোসেনকে(৩০) কোপানোর পর গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
কুদরত আলীর ছেলে কবির সদর হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান চালাতেন। পাশাপাশি মোবাইল ফোনের বিল রিচার্জের ব্যাবসাও তিনি করতেন।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে কবিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলের ওষুধ ব্যবসায়ীরা বৃহস্পতিবার সকাল থেকে শহরে ধর্মঘট পালন করছেন। সকালে সদর হাসপাতালের সামনে সব ওষুধের দোকান বন্ধ দেখা যায়।
