বাগেরহাটে পানিবন্দি পাঁচ শতাধিক পরিবার
পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ পৌরসভার প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ভৈরব, বলেশ্বর ও পানগুছি নদীর পানি বৃদ্ধি পেয়ে দুই উপজেলা ছাড়াও বাগেরহাট পৌর এলাকার বেশ কয়েকটি স্থানও প্লাবিত হয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, তিনটি নদীর পানি চার থেকে পাঁচ ফুট পর্যন্ত বেড়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে বাগেরহাট পৌরসভা, সদর ও মোরেলগঞ্জ উপজেলার বেশকিছু গ্রামে পানি ঢুকেছে।
তবে ভাটার টানে এসব পানি সরে যাবে বলে জানান এ প্রকৌশলী।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাগেরহাট শহরের পুরাতন পোস্ট অফিস, ডাকবাংলো ঘাট, নাগেরবাজার ও হাড়িখালী এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
সদর উপজেলার দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের বাসিন্দাদের বাড়ির উঠানে এবং ঘরে পানি উঠে গেছে।
এছাড়া মোরেলগঞ্জ উপজেলার বারইখালি, উত্তর বারইখালি, ভাইজোড়া ও দক্ষিণ সরালিয়া গ্রামের বেশ কিছু নিচু জায়গায় পানি জমেছে।
দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের মর্জিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ভৈরব নদের তীরে রাস্তা উপচে জোয়ারের পানি বাড়িতে ঢুকছে।
অবিলম্বে গ্রামের রাস্তাটি উঁচু করার দাবি জানান তিনি।
হাড়িখালী এলাকার সুজন শেখ বলেন, অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে পানি বাড়লে পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।
জোয়ারের পানি থেকে রক্ষা করতে অবিলম্বে এ এলাকাকে বেড়িবাঁধের আওতায় আনার দাবি জানান সুজন।
