সন্দ্বীপ-হাতিয়া রুটে ঈদে চট্টগ্রাম থেকে প্রতিদিনই জাহাজ
ঈদ উপলক্ষে কয়েকদিন চট্টগ্রাম থেকে সন্দ্বীপ-হাতিয়া রুটে প্রতিদিন জাহাজ চালু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
আগামী ৫ অগাস্ট থেকে এ রুটে বিশেষ সার্ভিস চালানোর প্রস্তাব ইতোমধ্যে চট্টগ্রাম কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
বর্তমানে সপ্তাহে তিন দিন চট্টগ্রাম থেকে দ্বীপ উপজেলা সন্দ্বীপ ও হাতিয়া রুটে দুটি জাহাজ যাত্রী পরিবহন করে।
বিআইডব্লিউটিসি, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে বিশেষ সার্ভিসের আওতায় আগামী ৫ অগাস্ট থেকে এ দুটি রুটে প্রতিদিন জাহাজ যাওয়া আসা করবে।
গত বছর জাহাজ সঙ্কটের কারণে ঈদে যাত্রী পরিবহনে সমস্যা হলেও এবার তা হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
বর্তমানে এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন জাহাজ দুটি শনি, সোম ও বুধবার চট্টগ্রাম থেকে ছেড়ে গন্তব্যে পৌঁছে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সন্দ্বীপ ও হাতিয়া থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছে।
সংস্কার শেষ হলে এমভি বার আউলিয়া নামে অন্য জাহাজটি ঈদের আগে এ রুটে যাত্রী পরিবহনে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা নাসির।
জাহাজটি ২০১১ সালের ২২ জুন থেকে নষ্ট হয়ে হয়ে যাত্রী পরিবহনের অযোগ্য হয়ে পড়ে। এ বছরের ৩১ জানুয়ারি এটিকে নারায়ণগঞ্জের হাইস্পিড ডক ইয়ার্ডে সংস্কারের জন্য পাঠানো হয়।
জাহাজের মাস্টার শিবু প্রসাদ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূল কাঠামো সংস্কারের পর জাহাজটি গত রোববার পানিতে নামানো হয়েছে। বর্তমানে ইঞ্জিন সংস্কারের কাজ চলছে।
সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জসীম উদ্দিন ঈদের আগে বিশেষ সার্ভিস ও প্রতিদিন জাহাজ চালানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সপ্তাহে ছয়দিন জাহাজ সার্ভিস চালু রাখার জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলাম।”
ছোট হয়ে গেছে চট্টগ্রামের নৌপথ
চট্টগ্রাম থেকে আগে বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া রুটে নিয়মিত জাহাজ চলাচল করলেও বর্তমানে শুধু সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচল করে।
অলাভজনক হওয়ায় ১৯৯৮-৯৯ সালের দিকে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কুতুবদিয়া রুটের জাহাজ চলাচল। এছাড়া জাহাজ স্বল্পতার কারণে দুইবছর আগে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-বরিশাল রুটের জাহাজ।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক নাসির বলেন, অলাভজনক হওয়ার কারণে চট্টগ্রাম-কুতুবদিয়া রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলেও প্রতিবছর কুতুবদিয়া মালেক ভাণ্ডারের ওরশ শরীফে একটি বিশেষ জাহাজ চালানো হয়।
সোমবার চট্টগ্রামের বিআইডব্লিউটিসি ঘাটে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মালিকানাধীন জাহাজগুলো হল- এমভি আলাউদ্দিন, এমভি বার আউলিয়া, রাঙ্গাবালী, কুতুবদিয়া, মহেশখালী, কাজল, মনপুরা ও হাতিয়া।
বর্তমানে শুধু এমভি মনিরুল হক ও এমভি আবদুল মতিন সচল রয়েছে।
এমভি আলাউদ্দিন ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি শেষবারের মতো চলাচল করে। একই বছরের ১৪ এপ্রিল থেকে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিসির ডকইয়ার্ডে সংস্কারের জন্য পাঠানো হয় এ জাহাজটি।
ব্যবস্থাপক নাসির বলেন, রাঙ্গাবালী, মহেশখালী, মনপুরা, হাতিয়াসহ বেশকিছু জাহাজ পুরানো জাহাজ হিসেবে বিক্রি করে দেয়া হয়।
এছাড়া এমভি কাজল জাহাজটি টেকনাফ রুটে চালানোর জন্য ব্যক্তি মালিকানায় ভাড়া দেয়া হয়েছে।
