চট্টগ্রামে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামের আনোয়ারায় এক গ্রাম্য চিকিৎসককে গুলি করে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন- মজিবুর রহমান, শাখাওয়াত ও ফরিদুল আলম। এদের মধ্যে ফরিদুল কারাগারে এবং বাকি দুজন পলাতক আছেন।
সোমবার দুপুরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় দেন বলে চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম জানান।
তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা এবং তা না দিলে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
পিপি হাশেম বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য আট আসামিকে খালাস দেয়া হয়েছে।
১৯৯৯ সালের ২ নভেম্বর আনোয়ারা থানার উসখাইন গ্রামে নিজ বাড়ির সামনের পুকুরঘাটে গ্রাম্য চিকিৎসক আবু তাহেরকে (৪২) গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. ইদ্রিস বাদি হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। গ্রামের শিশু-কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয় বলে তাতে অভিযোগ করা হয়।
তদন্ত শেষে ২০০০ সালের ২৭ মার্চ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৩ সালের ১৩ অক্টোবর ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেয় বলে পিপি জানান।
