পাঁচবিবিতে মাদকসেবীর হামলায় যুবক নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকসেবীর ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন।
শনিবার বিকালে বাগজানা বাজারে এ হামলায় নিহত হন স্থানীয় যুবক সাদ্দাম হোসেন।
আহত প্রশান্ত মহন্ত ও তার ছোটভাই প্রিয়াস মহন্তকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে বজলু নামের এক হামলাকলাকারীকে একটি ছুরিসহ আটক করেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন জানান, বেলা ৩টার দিকে তিন ফেন্সিডিলসেবী বাগজানা বাজারের হিন্দুপাড়ায় গিয়ে ফেন্সিডিল সেবন করে মেয়েদের উত্ত্যক্ত করছিল।
এ সময় এলাকার যুবকরা তাদের বাধা দিলে তিন মাদকসেবী তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পথে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।
