কালিয়াকৈরে ৬শ’ গাছ কেটেছে দুর্বৃত্তরা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাগানের ছয় শতাধিক গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। শনিবার এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরির বরাত দিয়ে কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহিদ হাসান জানান, গোসাইবাড়ী এলাকার মো. ছলিম উদ্দিন, শাহীন মাস্টার, সাইদ আলী ও মো. শহিদ হোসেন পৈত্রিক সূত্রে মালিক হয়ে ২২ শতাংশ জমি ভোগ দখল করছেন।
ওই জমিসহ পাশের আরেকটি জমিতে তারা ছয় শতাধিক আকাশমনি গাছের চারা রোপন করেন।
সম্প্রতি জমিটি আব্দুর রাজ্জাকসহ কয়েকজন প্রতিবেশী তাদের বলে দাবি করলে ছলিম উদ্দিনরা গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ওই বাগানের সমস্ত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
