২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবা কি ফুলগুলো নিতে আসবে, মা?’

নুহাশ পল্লীর লিচু তলায় মার্বেল পাথরে বাঁধানো বাবা হুমায়ূন আহমেদের কবরে ফুলের তোড়ার সঙ্গে একটি চিঠি দিয়েছে ছেলে নিষাদ। সেখানে লেখা, “বাবা আই লাভ ইউ।”

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার সকালে ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন, তার পরিবারের সদস্যরা, হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ও ভক্তরা কবরে ফুলে দেন এবং দোয়া করেন।

বেলা তিনটা থেকে বৃষ্টি বিলাসের বারান্দায় কোরআন তেলাওয়াত করে এতিম শিশুরা। এরপর তারা মিলাদ ও কবর জিয়ারতে অংশ নেয়।

নিষাদ এখনো জানে না মৃত্যুর মানে, তাই মাকে জিজ্ঞেস করে, মা বাবা কি ফুলগুলি নিতে আসবে?

অবুঝ নিষাদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে যান শাওন। তবু উত্তর তো দিতেই হয়।

“আমি এসব প্রশ্নের জবাব দিতেও শিখি।”

“২০১২ সালের ১৯ জুলাইয়ের পর থেকে প্রতিটি মুহূর্তই আমার জন্য একই রকম কষ্টকর। প্রতিটি মুহূর্ত ও প্রতিটি রাত আমার জন্য অনেক কষ্টের।”

মৃত্যুবার্ষিকী পালন করা নিয়ে শাওন বলেন, ওনার বাবার মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর নুহাশ পল্লীতে ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠে একটি অনারম্বর মিলাদের আয়োজন করতেন। আর ব্যক্তিগতভাবে বাবার জন্য নামাজ পড়তেন।

হুমায়ূনকে যেভাবে দেখেছেন শাওন, তাতে মনে হয়েছে, হুমায়ুন আহমেদ আনন্দ অনুষ্ঠান পছন্দ করতেন। দুঃখের কোনো অনুষ্ঠান তিনি পছন্দ করতেন না।

“সেই হিসেবে তার মৃত্যুবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।”

শাওন বলেন, উনি যেভাবে করতেন, আমি সেভাবেই মৃত্যুর দিনটি পালন করছি।

এজন্য নুহাশ পল্লীর আশেপাশের এতিখানার শিশুদের দাওয়াত করা হয়েছে।

২০১২ সালে ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ মারা যান।

২৪ জুলাই তাকে গাজীপুরের নুহাশ পল্লীতে লিচু গাছ তলায় সমাহিত করা হয়।