কুমিল্লায় মিজান হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
মাইক্রোবাসচালক মিজানুর রহমান হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক চমন চৌধুরী আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মকবুল হোসেন (৩৮), তার স্ত্রী নাজমা বেগম (২৭), মো. ফারুক, মোহাম্মদ আবদুল গণি, মো. মিজানুর রহমান, মো. সালাহউদ্দিন ও হুমায়ুন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, ২০০২ সালের ৭ মার্চ কয়েক ব্যক্তি ঢাকার কল্যাণপুরের নতুন বাজার থেকে চাঁদপুর যাবার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া নেয়।
চাঁদপুর থেকে ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মস্তাপুরে চালক মিজানুর রহমানকে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে রেখে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় যাত্রীরা।
এ ঘটনায় মাইক্রোবাসের মালিক হাসান ইমাম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলা চলাকালে আসাদুজ্জামান খান নামে অভিযুক্ত এক ব্যক্তি মারা গেলে তাকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।
আইনজীবী জালাল উদ্দিন জানান, আদালত সাত জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন ওবায়েদ উল্লাহ।
