২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের অভিযান, ২৪ শিবিরকর্মী গ্রেপ্তার

হরতালে নাশকতার অভিযোগে সিলেটের বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের ২৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 05:28 AM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতে ইসলামীর গত তিন দিনের হরতালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নানা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো এই শিবিরকর্মীরা। এদের বেশ কয়েক জন পুলিশের ওপর হামলা  ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি।

কোতয়ালি, জালালাবাদ, বিমানবন্দর, শাহপরান, দক্ষিণসুরমা ও মোগলাবাজার থানা পুলিশ বিশেষ অভিযান  চালিয়ে শিবিরকর্মীদের গ্রেপ্তার করে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

এই রায় ঘোষণার দিন বুধবারও হরতাল করে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি। তার আগে যুদ্ধাপরাধে দলের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার এবং ওই রায় ঘোষণার দিন সোমবার সারা দেশে হরতাল করে জামায়াত।

জামায়াতের এই হরতালে গাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তাদের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেয় বলে পুলিশ জানায়।