নারায়ণগঞ্জে জামায়াত কর্মীদের ভাংচুর, অগ্নিসংযোগ
টানা চতুর্থ দিনের হরতালের শুরুতে নারায়ণগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
বৃহস্পতিবার ভোরে ফতুল্লার কাশিপুরে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানে আগুন দেয় তারা। এ সময় আরো বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায় জামায়াত কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে দিকে জামায়াত-শিবির কর্মীরা কাশিপুর হাটখেলা এলাকায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় গার্মেন্টসের ঝুটে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে একটি সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান দাঁড়ালে সেটিতে ভাংচুর করে আগুন দেয়।
পরে এলাকার লোকজন এসে কাভার্ডভ্যানের আগুন নেভায়।
ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন বলেন, ভোরে এলাকার মসজিদে নামাজ পড়ে বের হয়েই কাভার্ডভ্যানে আগুন দেয় শিবির কর্মীরা। তখনো পুলিশ মোতায়েন না হওয়ার সূযোগটিকে তারা কাজে লাগায়। এদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করেছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব ও পুলিশের টহল রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।
