ঝিনাইদহে দুই ট্রাকে আগুন
টানা চতুর্থ দিনের হরতাল শুরুর আগের রাতে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে দুটি ট্রাকে আগুন দিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, বুধবার রাত ১১টার দিকে ট্রাক দুটি আটকিয়ে সেগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। এতে ইঞ্জিনসহ ট্রাক দুটির সামনের অংশ পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
এই রায় ঘোষণার দিন বুধবারও হরতাল করে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি। তার আগে যুদ্ধাপরাধে দলের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের প্রতিবাদে মঙ্গলবার এবং ওই রায় ঘোষণার দিন সোমবার সারা দেশে হরতাল করে জামায়াত।
