২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ায় জড়িতদের শাস্তির সুপারিশ

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিয়ানমার থেকে আসা পাঁচ লাখ রোহিঙ্গাদের অনেকে কৌশলে পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বাংলাদেশের ভাবমূতি ক্ষুণ্ন করছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয় বলেও মহাজোট সরকারের মন্ত্রীদের অভিযোগ।

সংসদীয় কমিটির বৈঠকে বিভিন্ন সরকারের সময়ে অবৈধ বা ভুয়া পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে রোহিঙ্গাদের মধ্যপ্রাচ্যে যাওয়ার কারণে সৃষ্ট জটিলতা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়।

এদিকে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরব গেছে,  সৌদি সরকারের অনুরোধে তাদের প্রত্যায়নপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংসদীয় কমিটির সদস্য ইমরান আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু তারা বাংলাদেশের নাগরিক নয়, সেজন্য তাদের পাসপোর্ট নবায়ন করা হবে না। শুধু একটি প্রত্যায়নপত্র দেয়া হবে।”

গত ১০ জুন সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও একই কথা বলেছিলেন।

তখন তিনি আরো বলেন, “যখন এই সমস্যাটির শুরু হয়, তখন বর্তমান সরকার দায়িত্বে ছিল না। তখনকার সরকারের (২০০১-২০০৬) মৌন সম্মতিতে এবং পাসপোর্ট অফিস, মূলত চট্টগ্রাম অঞ্চল থেকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে তারা পাসপোর্ট গ্রহণ করে।”