২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিবিরের তাণ্ডব

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের পর কক্সবাজারে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইসলামী ছাত্রশিবির।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আল বদর প্রধানের ফাঁসির রায় ঘোষণা করে।

বিকাল ৩টার দিকে কক্সবাজার শহরের বাজার ঘাটা, বার্মিজ মাকের্ট ও টেকপাড়া এলাকায় অন্তত ২০টি যানবাহন ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ঝটিকা মিছিল থেকে ছাত্রশিবির কর্মীরা ৭টি ট্যাক্সিক্যাব ও ১৩টি টমটম ভাংচুর করে।

এ সময় মিছিলকারীরা টেকপাড়ায় আল নূর হাসপাতাল, সনি  ও কনকা কোম্পানির শো-রুম সহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানান ওসি জসীম উদ্দিন।