সীতাকুণ্ডে ৬ গাড়িতে আগুন, ভাংচুর অর্ধশত
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ছয়টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা। সেই সঙ্গে ভাংচুর করেছে অর্ধ শতাধিক গাড়ি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
রায়ের এই দিন হরতাল ডাকে জামায়াত। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবারও হরতাল ডেকেছে দলটি।
হরতালের মধ্যে দুপুরে জামায়াত-শিবিরকর্মীরা ফকিরহাট এবং সীতাকুণ্ড পৌর এলাকায় দুটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও তিনটি সিএনজি অটো রিকশায় আগুন দেয় স্থানীয়রা জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরকর্মীরা বেশ কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।”
স্থানীয়রা জানায়, পৌর এলাকায় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাণ্টা ধাওয়াও হয়। ওই সময় পুলিশ গুলিও ছোড়ে।
ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা স্বীকার করলেও ওসি বলেন, পুলিশ কোনো গুলি ছোড়েনি।
