রায়ের পর জামায়াতের তাণ্ডব রাজশাহীতে
মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার পর রাজশাহীতে তাণ্ডব চালিয়েছে জামায়াত ও শিবিরকর্মীরা।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে।
মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান বলেন, রায় ঘোষণার পর জামায়াত শিবিরকর্মীরা চারটি স্থানে অবস্থান নিয়ে নাশকাতা চালানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের গাড়িতে লক্ষ্য করে বোমা হামলা চালায়। তবে বোমাটি গাড়িতে লাগেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রায় ঘোষণার পরপরই নগরীর ডিঙ্গাডোবা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় সেখানে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুইটি বোমা ফাটায় তারা।
বোমার স্পিøন্টারে একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান হাসান আল মবিনসহ পাঁচজন আহত হয়েছেন।
এছাড়াও জামায়াত-শিবিরকর্মীরা নগরীর শালবাগান, বায়া ও খড়খড়ি এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত ৫টি অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং বেশ কয়েকটি ভাংচুর করে।
পরে পুলিশ গিয়ে রাবার বুলেটে ছুঁড়ে তাদের ছাত্রভঙ্গ করে। এ সময় আহত হন আরো অন্তত ১০ জন।
