নারায়ণগঞ্জে সিমেন্টের ট্রাকে আগুন
টানা তৃতীয় দিনের হরতালে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। ভাংচুর করা হয়েছে আরো বেশ কয়েকটি যানবাহন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল পৌঁনে ৬টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ও প্রিমিয়ার সিমেন্টে একটি কভার্ডভ্যানে আগুন দেয়। রাস্তায় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয় এ সময়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার রায়ের তারিখ থাকায় বুধবার এই হরতাল করছে দলটি। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় ঘোষণা ও ৯০ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে গত দুই দিনও হরতাল করে তারা।
হরতালকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও নারায়ণগঞ্জ শহরে গণপরিবহন চলাচল করেছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
