২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে মিছিল, গাড়ি ভাংচুর, আটক ২৯

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় জামায়াতে ইসলামীর টানা তৃতীয় দিনের হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 02:04 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সকালে হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুরসহ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত মিছিল ও গাড়ি ভাংচুরের চেষ্টার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ২৯ জনকে।   

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায়ের জন্য বুধবার তারিখ রাখার পর সারা দেশে এই হরতাল ডাকে জামায়াতে ইসলামী। এর আগের দুদিন তারা হরতাল করে সাবেক আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে। 

আগের দুদিনের মতো বুধবারও ভোর থেকেই রাজধানীর মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইন্যুনাল এলাকাতেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

অন্যান্য হরতালের দিনে মতো সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। তবে রাস্তায় গণ পরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকালে দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে রায়েরবাগে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।

“পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৪ শিবির কর্মীকে আটক করা হয়।”

সকাল ৮টার দিকে পল্লবীর কালসিতে হরতালের পক্ষে শ্লোগান দিয়ে একটি গাড়ি ভাংচুর করা হয়। সেখানে আটক করা হয় ২৫ জনকে।

পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান, কালসি কবরস্থানে সকালে একটি লাশ দাফন হয়। দাফনে যোগ দিতে আসা লোকজনের একটি অংশ দাফন শেষে রাস্তায় নেমে ‘হরতাল হরতাল’ স্লোগান দিয়ে ভাংচুর শুরু করে।  

আটক ২৫জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এই হরতালের ঘোষণা দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে সরকারী পরিকল্পনায় সরকার নির্দেশিত ছকে মিথ্যা মামলায় সাজা দেয়ার ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামীকাল ১৭ জুলাই বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।”

এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের দিন ও পরের দিন হরতাল করে জামায়াত।

সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ হলে সারা দেশে ব্যাপক সহিংসতা ঘটানো হয়। রেলপথ ধরে এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুরু হয় নাশকতা। পুলিশ, সরকারি কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিসও তাদের হামলার শিকার হয়। এক সপ্তোহের সহিংসতায় পুলিশসহ নিহত হন ৭০ জনেরও বেশি মানুষ।   

আর ‘জামায়াতগুরু’ গোলাম আযমের রায়কে কেন্দ্র করে সোম ও মঙ্গলবার হরতালের মধ্যে তাণ্ডব-সহিংসতায় নিহত হয়েছেন অন্তত নয়জন। মঙ্গলবার বিকালে মুজাহিদের মামলার সাক্ষী সাংবাদিক শাহীন রেজা নূরের গাড়িও ভাংচুর করা হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

তার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ট্রাইব্যুনাল ঘিরে গত রোববার থেকেই নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

উপ পুলিশ কমিশনার (সদর) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ হাই কোর্ট এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।”