২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের কাছে যাওয়া হয়নি নাদিয়ার

নেত্রকোনার নাদিয়া সুলতানা বোনের কাছে বেড়াবে বলে সকালে মার সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু বোনের কাছে যাওয়া আর হয়নি তার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার দুপুরে জামায়াত-শিবিরের তাণ্ডবের মধ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় নাদিয়া (৯)। সে এখন সদর হাসপাতালের লাশ ঘরে।

নেত্রকোণার পূর্বধলার বিশকাকলী রাজপাড়া গ্রামের সাইয়েদুল ইসলামের মেয়ে নাদিয়া।

নাদিয়ার মা নুরুন্নাহার অভিযোগ বলেন, “জামায়াত-শিবিরের জল্লাদরা তাণ্ডব চালানোর কারণেই আমার মেয়ের প্রাণ গেল। আমি তাদের ফাঁসি চাই।

টঙ্গীতে এক মেয়ের বাসায় কয়েকদিন বেড়ানো শেষে মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার জৈনার বাজার এলাকায় আরেক মেয়ের বাসায় যাওয়ার জন্য চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় নাদিয়াকে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন নুরুন্নাহার।

“একটি মিনিবাসের পেছনে বসা ছিলাম। এ সময় জামায়াত-শিবির সামনে কয়েকটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। মিনিবাসটি পেছনে সরাতে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া।

জয়দেবপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার পরই চৌরাস্তা এলাকা থেকে সোহেল রানা (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক সোহেল রাজবাড়ীর পাংশা থানার পিপুলবাড়িয়া গ্রামের বেলায়েত হোসেন বিশ্বাসের ছেলে।