চট্টগ্রামে হরতালে হামলায় দুই মামলা
বন্দর নগরীতে পুলিশ ও পথচারীর উপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার ডবলমুরিং থানায় এ মামলা দুটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের উপর হামলার ঘটনায় মামলা করেন ডবলমুরিং থানার এসআই শফিকুল ইসলাম ভূঁইয়া এবং পথচারীর উপর হামলায় মামলা করেন তার মামা মো. বশির।
ডবলমুরিং থানার এএসআই রেহেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরকর্মীদের ছোঁড়া হাতবোমার বিস্ফোরণে টেলিকম ব্যবসায়ী মো. জামাল আহত হন।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ১৪/১৫ জনকে আসামি করে তার মামা মামলা করেছেন।
তিনি আরো বলেন, পুলিশের ওপর হামলার মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নগরীর বাদামতলী এলাকায় কয়েকজন শিবিরকর্মী হাতবোমার বিস্ফোরণ ঘটালে মো. মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
এ সময় পুলিশ বেশ কয়েকরাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
