২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অনুপস্থিতিতে শেষ হলো বাজেট অধিবেশন

বিরোধী দলের উপস্থিতিতে শুরু হলেও তাদের অনুপস্থিতিতেই শেষ হলো জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 08:42 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

গত ৩ জুন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বর্তমান সরকারের শেষ বছরের এই বাজেট অধিবেশন শুরু হয়েছিল।

স্পিকার মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে এ অধিবেশনের সমাপ্তি টানেন।

এর আগে স্পিকার বলেন, “সকলের সরব অংশগ্রহণে এবারের অধিবেশনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও কার্যকর। আমি আশা করি ভবিষ্যতেও সরকারি ও বিরোধী দলের সম্মানিত সদস্যরা আইন প্রণয়নসহ সংসদের সব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের যাত্রাকে আরো বেগবান করবে। সংসদ হয়ে উঠবে আরো বেশি প্রাণবন্ত ও কার্যকর।”

শিরীন শারমিন বলেন, “আমি স্পিকার হিসেবে দায়িত্ব নেয়ার পর দীর্ঘদিন অণুপস্থিত বিরোধী দল সংসদে যোগ দেয়। এবারের অধিবেশনে সরকারি ও বিরোধী দলের মাননীয় সদস্যরা বাজেট আলোচনা এবং আইন প্রণয়ণে অংশ নিয়ে সংসদকে প্রাণবন্ত করেছেন।”

সংসদ সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান তিনি।

টানা ৮৩ অনুপস্থিত থাকার পর এ অধিবেশনের শুরু থেকেই বিএনপি উপস্থিত থাকলেও ৬ জুন বাজেট উপস্থাপন এবং সোম ও মঙ্গলবার অধিবেশনে অনুপস্থিত থাকে।

গত ২৯ জুন সংসদে বাজেট আলোচনায় বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি এই অধিবেশনে সংসদে উপস্থিত ছিলেন দুই দিন।

সদ্য শেষ হওয়া এই অধিবেশনে বিরোধী দল ও সরকারি দলের একাধিক সদস্যের আলোচনায় ‘অসংসদীয়’, ‘অশালীন’ ভাষার ব্যবহারে ব্যাপক সমালোচনা হয়। খোদ সংসদ সদস্যরাই এর সমালোচনা করেন।

দুই দলের পক্ষ থেকেই স্পিকারকে অশালীন ভাষা বন্ধের আশ্বাস দেয়া হলেও তা বন্ধ হয়নি। স্পিকার শিরীন শারমিন দুই দলের একাধিক সদসস্যের মাইকও বেশ কয়েকবার বন্ধ করে দেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ২৪ কার্যদিবস অধিবেশন চলে। বাজেটের ওপর মোট ৬১ ঘণ্টা ১৩ মিনিট আলোচনা হয়। এর মধ্যে মূল বাজেটের ওপর ৫৬ ঘণ্টা ২২ মিনিট এবং সম্পূরক বাজেটের ওপর ৪ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়।

আওয়ামী লীগের ১৫০ জন, বিএনপির ৩০ জন, জাতীয় পার্টির ১৮ জন, জাসদের ৩ জন, ওয়ার্কার্স পর্টির দুইজন, এলডিপির একজন, বিজেপির একজন এবং জামায়াতে ইসলামীর এক জন সংসদ-সদস্য বাজেটের ওপর আলোচনায় অংশ নেন।

বাজেট পাস ছাড়া এ অধিবেশনে তোলা ২৪টি সরকারি বিলের মধ্যে ১২টি পাস হয়।