রাতে শাহবাগে ফের বিস্ফোরণ
বিকালের পর রাতে শাহবাগে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে, গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে যেখানে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে রোববার রাত থেকে শাহবাগে অবস্থান নেয় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীরা।
সোমবার দুপুরে ট্রাইব্যুনাল গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ডাদেশ দিলে তা প্রত্যাখ্যান করে কয়েক মাস আগের মতো আবার টানা অবস্থানের ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।
এই অবস্থান চলার মধ্যে বিকাল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাদুঘরের মধ্যবর্তী সড়কে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
এরপর রাত সাড়ে ১০টার দিকে পাবলিক লাইব্রেরির সামনে দুটি এবং জাদুঘরের বিপরীত পাশে ফুলের দোকানের সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
দুপুর থেকে শাহবাগ মোড়ে চৌরাস্তায় আন্দোলনকারীদের অবস্থান থাকলেও রাত ১০টার দিকে গাড়ি চলাচলের জন্য রাস্তা ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এর আধা ঘণ্টা পরই বিস্ফোরণগুলো ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা-ও জানা যায়নি।
বিকালের বিস্ফোরণের বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে বা কারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।”
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
তখন অবিস্ফোরিত অবস্থায় একটি বোমাও উদ্ধার করা হয়।
গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর টানা অবস্থান কিছুদিন চালানোর পর শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা।
এই আন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে যুদ্ধাপরাধের যে কোনো রায়ের বিরুদ্ধে সব পক্ষের আপিলের সুযোগ তৈরি করে আইন সংশোধন করে।
