২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথার্থ সাজা হয়নি: ফরীদ উদ্দীন মাসঊদ

যুদ্ধাপরাধী গোলাম আযমের শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল বলে মনে করেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি নিজের মত জানান।

দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ার ইমাম মাসঊদের প্রত্যাশা, সরকার এই রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নেবে এবং তাতে জনগণের প্রত্যাশিত রায় আসবে।

তিনি বলেন, “কুখ্যাত যুদ্ধপরাধী গোলাম আযমের বিচারের রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। জাতি হতাশ বিক্ষুব্ধ।”

“এই রায় সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। সুতরাং যথা শিগগির আপিলের মাধ্যমে যথোপযু্ক্ত শাস্তি বিধান করা হবে বলে আমরা আশা করি।”

ট্রাইব্যুনাল গোলাম আযমের সাজা মৃত্যুদণ্ডসম মনে করলেও তার বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তা দেয়নি।

কওমি মাদ্রাসা শিক্ষা নীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান মাসঊদ বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার পর বয়স কোনোক্রমেই বিবেচ্য হতে পারে না।