বিমান বন্দরে আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার
প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ সুমন উদ্দিন (২৪) নামে এক ব্যক্তিকে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শেখ নাজমুল আলম রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৯টার দিকে বিমান বন্দরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুমন বোডিং পাস নিয়ে দুবাই যাওয়ার জন্য উড়োজাহাজে উঠার প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর তার ব্যাগ আনা হয়।
সেই ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় মোড়ানো বৈদেশিক মুদ্রাগুলো উদ্ধার করা হয় বলে নাজমুল আলম জানান।
বৈদেশিক মুদ্রাগুলোর মান বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, দুবাইপ্রবাসী সুমন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য। বাংলাদেশে তার বেশ কয়েকজন সহযোগী রয়েছে।
সকালে আটক করা হলেও রাতে সংবাদ মাধ্যমকে জানানোর প্রসঙ্গে তিনি বলেন, “মুদ্রাগুলোর তালিকা করতে এবং এর মান নির্ণয় করতে সময় লেগে যায়।”
