সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে একটি পাওয়ার প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অবস্থিত দেশ এনার্জি পাওয়ার প্লান্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় দমকল বাহিনী।
পরে ডেমরা দমকল বাহিনীর দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেমরা অগ্নিনির্বাপক বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত জোদ্দার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাবস্টেশনের তেল মজুদের জায়গায় গ্রিডের অতিরিক্ত লোড পরার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান শওকত জোদ্দার।
দেশ এনার্জির ব্যবস্থাপক শহিদুজ্জামান সাংবাদিকদের জানান, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
