নাটক দেখলাম, প্রতিক্রিয়া গোলাম আযমের স্ত্রীর
গোলাম আযমের যুদ্ধাপরাধের রায়কে ‘সাজানো’ দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন তার স্ত্রী আফিফা আযম।
সোমবার দেয়া রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “অধ্যাপক আযম তো গ্রেপ্তারের পূর্বেই বলেছেন, ‘রায় তো হয়েই আছে, এখন বিচারের নাটক হবে’। আমরা আজ সে নাটকটাই দেখলাম ।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করে মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সংগঠন তার ফাঁসির দাবি করছে। অন্যদিকে একে ‘প্রহসনের’র রায় বলছে তার দল জামায়াত।
গোলাম আযমের স্ত্রী রাতে এক বিবৃতিতে বলেন, “এই রায় সম্পূর্ণ ন্যায়ভ্রষ্ট। আমরা এই রায়ে অত্যন্ত ক্ষুব্ধ, কিন্তু বিস্মিত নই। কেননা সরকারের বেশ ক’জন মন্ত্রী ও সরকারি জোটের শীর্ষ নেতৃবৃন্দ অনেক আগে থেকেই রায় ঘোষণা করে আসছিল। আজ ট্রাইব্যুনালে উনাদের ঘোষিত রায়ের আনুষ্ঠানিক ঘোষণা হলো মাত্র।”
গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করে আফিফা আযম।
“যারা অধ্যাপক গোলাম আযমকে আদর্শিকভাবে এবং রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ, তারাই স্বাধীনতার চার দশক পর কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই মামলা করেছে।”
ট্রাইব্যুনালে গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পরিকল্পনা, উস্কানি ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায়ে বলা হয়, অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি পাওনা হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে।
তবে আফিফার দাবি, তার স্বামীর বিরুদ্ধে আনা সব অভিযোগ কল্পিত, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
ট্রাইব্যুনাল সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই রায় দিয়েছে বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে আফিফা বলেছেন, তিনি বা তার পরিবার গোলাম আযমের জীবন নিয়ে চিন্তিত নন।
“আমরা আল্লাহর কাছেই ফরিয়াদ জানাই এবং আল্লাহর চূড়ান্ত রায় এর জন্যই অপেক্ষা করব।”
