সাভারে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫
ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে রাজধানীর বঙ্গবাজার, উত্তর মেরুন বাড্ডা ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন মিয়া (৩০), মেহেদি হাসান রানা (৩০), সেলিম মিয়া (৪৫), আব্দুস সাত্তার (৪৩) ও এমদাদ হোসেন (৩০) ।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ জুলাই মেহনাজ স্টাইল অ্যান্ড ক্র্যাফট লিমিটেড কারখানা থেকে ডাকাতরা ৬ হাজার ৮৫০ পিচ শার্ট লুট করে।
পরদিন কারখানার পরিচালক আক্তার হোসেন রানা আশুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।
নিউমার্কেট, মিরপুরের মিতালী মার্কেট ও বঙ্গবাজারে অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় ২৬শ’ পিচ শার্ট উদ্ধার করা হয়েছে বলে জানান পরিদর্শক শাহীন শাহ।
